নয়াপল্টনে রিজভী

বর্তমান সরকার লাঠিয়ালে পরিণত হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘রাষ্ট্রযন্ত্র আজকে অবৈধ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের লাঠিয়ালে পরিণত হয়েছে। বর্তমানে আদালত যে রায় দেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়।’

গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সবার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে রিজভী বলেন, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নির্যাতন করছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে গুম-খুন নির্যাতন হচ্ছে। জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সহসভাপতি লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি  ও জিয়া পরিষদের নেতারা।