পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ে পাঁচ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত সোমবারের চেয়ে গতকাল মঙ্গলবার তাপমাত্রা বাড়লেও সকাল ৯টায় দেশের সবনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

সোমবার একই সময়ে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতে কাতর হয়ে পড়েছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। এর সঙ্গে বেড়েছে শীতজনিত নানা রোগ। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিসের রোগীরা ভর্তি হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গতকাল সকাল ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবারের থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও এই সপ্তাহের মধ্যে এর থেকে আরও নিচে তাপমাত্রা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।