জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের 'আপত্তিকর' মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও তার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে অধ্যাপক ফরিদ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।
শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে এখন আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এরই মধ্যে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না’– এমন একটি মন্তব্যের সূত্র ধরে নতুন বিতর্কে জড়িয়েছেন শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
গতকাল মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হওয়া ওই অডিওটি গত বছরের বলে জানা যায়।
এ ঘটনায় জাবি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবারের মানববন্ধন চলাকালে জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণা ও জ্ঞান উৎপাদনের জায়গা। সেখানে দলদাস ও বিকৃত মস্তিষ্কের লোকেদের ভিসি হিসেবে নিয়োগ দিয়ে গবেষণার পরিবেশ নষ্ট করা হচ্ছে। শাবি ভিসির তার জানা উচিত আমাদের মেয়েরা গবেষণা, শিক্ষা ও খেলাধুলাসহ সকল অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মির্জা সোহাগ বলেন, ফরিদ উদ্দিন একজন অথর্ব ভিসি। তার মনমানসিকতা নোংরা। তার এমন মন্তব্যে নারীদের হেয় করা হয়েছে। এই সময়ে তার বক্তব্য নারী শিক্ষার অন্তরায়। প্রকাশ্যে তাকে সকলের নিকট ক্ষমা চাইতে হবে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, একুশ শতকে এসে এমন মন্তব্য শোনা খুবই দুঃখজনক। আমাদের বিশ্ববিদ্যালয়ে ২৪ ঘণ্টায় নারীরা নিরাপদ।
‘বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি তাদেরকে এ নিরাপত্তা দিচ্ছে। জাবি প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ফরিদ উদ্দিনের এই বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া লিতুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন রাসেল, জিল্লুর রহমান প্রমুখ।