পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর হামলা-সংঘর্ষে নিহত এক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই গ্রুপের হামলা সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন (৩৫) একই গ্রামের মোল্লা গোষ্ঠীর ইউনুস মোল্লার ছেলে। আহতদের ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৭ ও ২৮ অক্টোবর মোল্লা গোষ্ঠীর সঙ্গে প্রামাণিক গোষ্ঠীর হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে এ দিন সকাল ৮টা থেকে দুই পক্ষের মধ্যে নতুন করে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন হাঁসুয়া, রামদা, লাঠি, ফালা, হলেঙ্গা, ঢাল, সর্কি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ১০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রামাণিক গোষ্ঠীর মিজানুর রহমান বলেন ও আব্দুল লতিফ বলেন, দীর্ঘদিন ধরে মোল্লা গোষ্ঠীর আমিরুল মোল্লা কর্তৃক সন্ত্রাসী তাণ্ডব, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা চলতে থাকলেও মোল্লা গোষ্ঠীর লোকজন এর প্রতিকার ও সুবিচার না দেওয়ার প্রতিবাদ করায় এ দিন সকালে তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। আমরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে মোল্লা গোষ্ঠীর কামাল আহমেদ বাবু, খলিল, মিন্টু, সেন্টি বলেন, কোনো কারণ ছাড়াই তারা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। আমরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ফালার আঘাতে আমাদের একজন নিহত ও ১০জন আহত হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।