লিওনেল মেসির নামে বার্গার আনতে যাচ্ছে বিখ্যাত রেস্তোরাঁ ‘হার্ড রক ইন্টারন্যাশনাল’। মার্চ থেকেই রেস্তোরাঁটির সব শাখায় তা পাওয়া যাবে।
অবশ্য বছরের শুরু থেকেই রেস্তোরাঁটির মায়ামি এবং ফ্লোরিডা শাখায় বিক্রি হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের নামে এই বার্গারটি। এখন যা অন্যত্র চালু হওয়ার অপেক্ষা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের খবরে বলেছে, বার্গারটির সঠিক দাম এখনো জানা যায়নি। তবে ট্রায়ালে বার্গারটি ১১.৯৫ ডলারে বিক্রি হয়েছিল।
দুটি বিফ প্যাটিসের সঙ্গে পনির, বিশেষভাবে বানানো রুটি, লেটুস, লাল পেঁয়াজ, টমেটো এবং হার্ড রকের খ্যাতনামা ধোঁয়াটে সসেজ দিয়ে এই বার্গার বানানো হয়।
রেস্তোরাঁটির প্রধান নির্বাহী জন লুকাস বলেছেন, ‘বিশ্বের খ্যাতিমান ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে আমাদের জুটি আরো এগিয়ে নেওয়াটা সম্মানের বিষয়। “লিভ গ্রেটনেস” নামে আমরা যে প্রচারণা চালাচ্ছি, সেটাও এই উদ্যোগের মাধ্যমে অন্য এক উচ্চতায় পৌঁছে গেল।’