রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে একই পদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল তার ৫৯ বছর পূর্ণ হওয়ায় শেষ কর্মদিবস ছিল।
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ১৯৮৫ সালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে এমডি কার্ডিওলজি কোর্স পাস করেন। ২০১৩ সালে অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান।
২০১৯ সালের নভেম্বরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি দেশে ইন্টারভেশনাল কার্ডিওলজি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথিকৃৎ।
পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দেশের সরকারি পর্যায়ের হৃদরোগের স্বয়ংসম্পূর্ণ একমাত্র হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা সুনিশ্চিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।