শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

গাজীপুরের শ্রীপুরে কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পন্ড হয়ে যায় মতবিনিময় সভা।

পদবঞ্চিত একটি পক্ষ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করে অন্যপক্ষ বলেছে, প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করেছেন কমিটির পক্ষের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌর শাখা বিএনপির মাওনা কার্যালয়ে উপজেলা শাখার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়। সন্ধ্যার কিছু আগে দুইপক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে দুইপক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ সময় মাওনা চৌরাস্তায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আক্তারুল আলম সাংবাদিকদের বলেন, গত ৮ অক্টোবর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এ কমিটি প্রথমবার মতবিনিময় সভার আয়োজন করে। ইউনিয়নসহ সব ইউনিট পুনর্গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। সভার শুরুর দিকে  তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এ সময় কার্যালয়ের জানালার কাচ ও দরজা ভাঙচুর করে তারা। আহত হয় বেশ কয়েকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, আহ্বায়ক কমিটিতে নিয়ম অনুযায়ী তার ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি। অনেক ত্যাগী নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে তাদের অনুসারী নয় বলে। এতে ওই নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ নিয়ে প্রতিবাদ করা হলে আক্তারুল আলম তার দিকে তেড়ে আসেন। আর এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাগ্বিত-া হয়।

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।