নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কাজে সমন্বয় না করাকে ‘দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্মান বিষয়ে স্থানীয় প্রশাসন বা অন্য সরকারি অফিসে আরও সংবেদনশীল হতে নির্দেশনা দিয়েছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।
ডিসিদের দেওয়া নির্দেশনার কথা জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, আমাদের সহকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্য বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না কিংবা তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এ বিষয়ে যেন তারা (ডিসি) আরও সংবেদনশীল হন। এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না। এ জন্যই বলা হয়েছে।’
স্থানীয় পর্যায়ে প্রবাসীদের বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা জানিয়ে সে বিষয়েও সংবেদনশীল হতে ডিসিদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি জাতীয় সংসদে ময়মনসিংহ-৩ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তাঁরা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। স্যারডা না বইলা পারে না। আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গেছি।’
গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা বলে ক্ষোভ প্রকাশ করেন ।
নাজিম উদ্দিন আহমেদের এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।