স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ

করোনা সংক্রমণ এড়াতে ঘোষিত স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে তাদের সহায়তাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিসি সম্মেলনের তৃতীয় দিন সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে, তাতে সরকার ‘আতঙ্কিত’ না হলেও বিষয়টি ‘আশঙ্কাজনক’। সংক্রমণ মোকাবিলায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি, ‘আপনারা গতবার যেভাবে করোনা নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন এবারও সেটা করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনের কারণে ছড়িয়ে পড়া সংক্রমণের লাগাম টেনে ধরতে সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। এগুলো বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসন। বাসে, ট্রেনে, স্টিমারে যখন লোক চলবে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে; সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব মানতে হবে। বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি যে, বিভিন্ন বন্দরে স্ক্রিনিং চলছে সেগুলো যেন তারা ঠিকমতো দেখেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা অনেক সময় এটা ঠিকমতো মানেন না। এ বিষয়ে নজরদারি করতে বলেছি। যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

জাহিদ মালেক বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোয় ১০টি করে আইসিইউ শয্যা এবং ১০টি ডায়ালাইসিস শয্যার ব্যবস্থা করা হয়েছে। এটা এখন ইনসটলেশনের পর্যায়ে আছে। এটা আগেই একনেকে পাস করা। ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যেই সব জেলায় এগুলো বসে যাবে।