রাজধানী মগবাজার মোড়ে দুই বাসের পাল্লায় পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মগবাজার মোড়ে দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ায়। বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরাল হয়। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে যান রাকিব। তখনই দুই বাসের চাপায় প্রাণ হারান সে।
নিহত রাকিবের বাবা নূর ইসলাম জানান, তার ছেলে মগবাজার মোড়ে মাস্ক বিক্রি করতো। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক বাস দুটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগীরা পালিয়েছে।