উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার আন্দোলনকারীরা জানান, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক মীর সাব্বির আহমেদ চৌধুরী বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা ফোনে আন্দোলন থেকে সরে আসার হুমকি দিচ্ছেন আমাদের। পরে কোনো ধরনের সমস্যা হলে তারা কোনো দায়ভার নিতে পারবে না বলে আমাদের ভয় দেখাচ্ছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল আলোচনার জন্য এলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্র কারো মাধ্যমে তদন্ত চান না আন্দোলনরত শিক্ষার্থীরা। কোনো ধরনের তদন্ত না করেই উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা।
শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রশাসনের অনুমতি ছাড়া পুলিশ ক্যাম্পাসের ভেতরে অবস্থান কিংবা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতে পারে না। তাই শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার দায়ভার উপাচার্যকেই নিতে হবে। একই সঙ্গে তাকে দ্রুত পদত্যাগ করতে হবে।
বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা সম্ভব। আমরা জানি, আমাদের ওপর শিক্ষার্থীদের ক্ষোভ রয়েছে, আমাদেরও অনেক দুঃখ রয়েছে। আমরা খুব দ্রুত শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে ফিরে যেতে চাই।
তবে এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের ওপর আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই, যে উপাচার্য নিজ সন্তানদের ওপর গুলি চালায়, আমরা তাকে চাই না। আমরা তার পদত্যাগ চাই।
এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষকদের আহ্বান জানান আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত রবিবার বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর ওই হলের প্রভোস্ট অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।