সাভারে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাভার রাজালাখ ফার্ম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাহিমা আক্তার সাভারে ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার প্রধান আসামি আল-আমিনের স্ত্রী। এর আগে আল-আমিনকেও একই ধরনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। যে জালিয়াতি করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এর আগে তার (রহিমা) স্বামীর বিরুদ্ধেও ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।’
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, ‘আমরা ওয়ারেন্টভুক্ত আসামি রাহিমাকে গ্রেপ্তার করেছি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। সিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।’