জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে এতে ভিসির ওই বক্তব্য ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাবির সাবেক শিক্ষার্থী, ঢাকা জেলা ও দায়রা আদালতের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান। নোটিসে বলা হয়, ভিসি ফরিদ উদ্দিন আহমেদ সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে দেশের অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন। তার এ ধরনের বক্তব্য সংবিধানবিরোধী এবং নারী শিক্ষার প্রতি চরম অন্তরায় স্বরূপ।
প্রসঙ্গত, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামে ওই হলের শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরদিন ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপসহ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ।