বন্ধের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শাবি শিক্ষার্থীদের

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এ নিয়ে শুক্রবার একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা বন্ধের মধ্যেও উপাচার্যের পদত্যাগের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীদের মুখপাত্র ইয়াসির সরকার বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের উপাচার্য গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক হামলার পর শাবিপ্রবি বন্ধ করার ঘোষণা দেন। হলগুলোও বন্ধ করে দেন। অর্থাৎ ভয়াল ১৬ জানুয়ারির পর থেকেই আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে এবং নতুন করে বন্ধ হওয়ার কিছু নেই।

আরও বলেন, কার্যত বন্ধ ক্যাম্পাসেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। বোমাবাজ উপাচার্য অপসারণ করে একটি সুন্দর শিক্ষা জীবন উন্মোচনের লক্ষ্যে আমাদের আন্দোলন চলছে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

ইয়াসির বলেন, উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিন আমাদের ২৩ জন অকুতোভয় সহযোদ্ধা উপাচার্য অপসারণের দাবিতে আমরণ অনশন করছে প্রায় ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিন হয়ে গেল। তাদের মধ্যে অর্ধেকের বেশিকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু তারা ভিসি অপসারণ ব্যতিরেকে কোনোভাবেই তাদের অনশন ভাঙতে অসম্মতি জানিয়েছে। বাকি সবাই স্যালাইনে রয়েছে।

তিনি বলেন, অনশন ২৪ জন শুরু করলেও একজনকে পারিবারিক জটিলতায় ভাঙতে হয়। শাবিপ্রবির সকল শিক্ষার্থীই গত কিছুদিন প্রায় আধপেটা খেয়ে, জীবন-মায়া ত্যাগ করে নির্ঘুম বিশ্রামহীন সংগ্রাম করে যাচ্ছে। শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করে নিচ্ছে শুধুমাত্র বোমাবাজ, হামলাকারী উপাচার্যের অপসারণের জন্য।