বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন ঢাকার ঝুঁকিপূর্ণ বাতাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, লাখ লাখ মানুষের জন্য এই বাতাস খুব-ই বিপজ্জনক।
শুক্রবার বেলা ১১টার দিকে তিনি তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইটে এই মন্তব্য করেন।
টুইটে ডাচ রাষ্ট্রদূত বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরগুলোর (যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী) বায়ুমান নিয়ে একটি তালিকা প্রকাশ করেছেন। তাতে দেখা যায় শুক্রবার ঠিক সকাল ১১টায় ৩৭১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে।
তালিকার ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেন, ‘ঢাকার বাতাসের মান ঝুঁকিপূর্ণ। লাখ লাখ মানুষের জন্য যা বিপজ্জনক। এটি প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়। মানবসৃষ্ট; এর সমাধান চাইলেই করা যেতে পারে।’
উল্লেখ্য, গত বুধবারই গণমাধ্যমে প্রচারিত হয়- ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। ওই দিন সকাল ১০টা ১১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ২৬৯ রেকর্ড করা হয়েছিল। চীনের উহান এবং ভারতের নয়াদিল্লি যথাক্রমে ২৫২ ও ২১৪ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল।