করোনা মহামারির কারণে দুই সপ্তাহ দেরিতে শুরু হতে যাওয়া একুশের বইমেলায় টিকা দেয়ার বুথ থাকবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল। এছাড়া, বইমেলায় প্রবেশ করতে হলে টিকা নেয়ার সনদও দেখাতে হবে বলে জানান তিনি।
শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা গণমাধ্যমকে এসব তথ্য জানান।
একাডেমির মহাপরিচালক বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন, প্রকাশক, বই বিক্রেতাসহ সবাইকে করোনাভাইরাসের টিকার সনদ দেখাতে হবে।
বইমেলার আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকার বুথ বসানো হবে জানিয়ে তিনি বলেন, বুথ বসানোর জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। যারা এখনও টিকা নেননি, তারা এখান থেকে টিকা নিতে পারবেন।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি।