যাকে খেলা আজহারের জন্য ছিল সবচেয়ে কষ্টের

ক্যারিয়ারে যে বোলারকে খেলা তার জন্য সবচেয়ে কঠিন ছিল, সেই বোলারের নাম জানালেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

৫৮ বছর বয়সী আজহার বলেছেন, পাকিস্তানি ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরামকে খেলা তার জন্য সবচেয়ে কঠিন ছিল।

টুইটারে পাকিস্তানি সাংবাদিক সিরাজ হাসানের এক প্রশ্নের উত্তরে আজহার এ কথা বলেন।

আজহার লিখেন, ‘আমি যাদের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে ওয়াসিম আকরাম ছিল সবচেয়ে কঠিন বোলার।’

এর আগে আজহার টুইটারে ভক্তদের কাছে প্রশ্ন আহ্বান করেন। লিখেন, ‘আপনার যদি ক্রিকেট নিয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আমাকে একটি প্রশ্ন করতে পারেন। উত্তর দিতে পারলে খুশি হব।’

ওয়াসিম আকরামকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বোলার মানেন আজহার, এটা আগেও তিনি বলেছেন। ২০১৬ সালে দিল্লিতে একটি ক্রিকেট থিমড মুভি লঞ্চিং অনুষ্ঠানেও বলেছিলেন।