শিবালয়ে আ.লীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে মানিকগঞ্জের শিবালয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৯ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আবদুস সালামের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩১ জানুয়ারি শিবালয়ের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বহিষ্কৃতরা হলেন শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম, শিবালয় উপজেলা যুবলীগের সদস্য মোহসিন রাজু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, দলের উপজেলা শাখার সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, আরুয়া ইউনিয়ন কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনায়েম মুনতাকিম রহমান খান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আলী মৃধা ও দলের একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য আয়নাল হক।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এহতেশাম খান ভুনু সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শিবালয় উপজেলার সাত ইউনিয়নের নয়জনকে বহিষ্কার করা হয়েছে।