রাজধানীর রূপগঞ্জে কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে বাণিজ্যমেলা থেকে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে জানান তিনি।
আল আমিন হক অহন দেশ রূপান্তরকে বলেন, ‘বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা করে আসলাম সরকার। জানতে পেরেছি হামলাকারী একজন সন্ত্রাসী। ভিড়ের মধ্যে গাড়ির সাইড দেওয়া নিয়ে সে হামলা করে। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে ও ক্যামেরার ওপরও হামলা করে সে।’