করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আগের ধরনগুলোর চেয়ে অনেক বেশি দ্রুত ছড়ালেও গুরুতর অসুস্থতার কারণ হচ্ছে কম; এইটুকু স্বস্তির অবসরে অনেকেই আবার বলতে শুরু করেছেন পুরনো সেই হার্ড ইমিউনিটি তত্ত্বের কথা। ওমিক্রন বেশিরভাগ মানুষকে সংক্রমিত করে ফেললে হয়তো অর্জিত হবে সেই বহু আলোচিত হার্ড ইমিউনিটি; তখন আর এ ভাইরাস বড় কোনো বিপদ ঘটাতে পারবে না। বিশেষজ্ঞরা অবশ্য সেই সম্ভাবনা খুব একটা দেখছেন না। মহামারী শুরুর পর থেকে স্বাস্থ্য কর্মকর্তা আর চিকিৎসকদের একটি অংশ এই হার্ড ইমিউনিটির সম্ভাবনা নিয়ে আলোচনা করে আসছেন।
এই ধারণার মূল শর্তই হলো, মোট জনসংখ্যার বেশিরভাগের শরীরে একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হবে। অর্থাৎ ভাইরাসের সংস্পর্শে এলেও তারা আক্রান্ত হবেন না। কোনো জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষের মধ্যে কার্যকর ওই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে ভাইরাসও আর সংখ্যা বাড়ানোর জন্য কোনো বাহক খুঁজে পাবে না। সে ক্ষেত্রে ওই জনগোষ্ঠীর মধ্যে আর ওই নির্দিষ্ট ভাইরাসের অস্তিত্ব থাকবে না।
তত্ত্বীয়ভাবে হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে দুভাবে। এক. যদি ওই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠে এবং প্রাকৃতিকভাবে তাদের শরীরে ওই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও স্থায়ী অ্যান্টিবডি তৈরি হয়। দুই. যদি টিকা দিয়ে ওই জনগোষ্ঠীর সবার মধ্যে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়।
রূপ পরিবর্তন বা মিউটেশনের মাধ্যমে গত বছর খুব দ্রুততার সঙ্গে করোনাভাইরাসের নতুন কয়েকটি ধরন তৈরি হওয়ায় হার্ড ইমিউনিটির আশা ক্ষীণ হয়ে আসছে। যারা ইতিমধ্যে টিকা নিয়েছেন কিংবা কেভিড আক্রান্ত হয়েছেন, তারাও নতুন ধরনগুলোর মাধ্যমে আবারও সংক্রমিত হচ্ছেন। গত বছর নভেম্বরে ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বেশ কিছু চিকিৎসা কর্মকর্তা হার্ড ইমিউনিটি বা স্বাভাবিক প্রতিরোধ তৈরি হওয়ার সম্ভাবনার বিষয়টি আবারও সামনে নিয়ে আসেন। তাদের যুক্তি ছিল, যেহেতু এ ধরনটি অতিদ্রুত ছড়াচ্ছে এবং তুলনামূলক মৃদু অসুস্থতার কারণ হচ্ছে, ফলে দ্রুতই অনেক মানুষ কম ক্ষতিকর উপায়ে সার্স-সিওভি-২ ভাইরাসে সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে প্রতিরোধ তৈরি করবে।
বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়া ব্যক্তি কিংবা ইতিপূর্বে কভিড থেকে সেরে ওঠা ব্যক্তিদের সংক্রমণে আগের ধরনগুলোর চেয়ে বেশি মাত্রায় সফল হচ্ছে অতি সংক্রামক ধরন ওমিক্রন। যে কারণে ভবিষ্যতেও এ ভাইরাস মানবদেহের প্রতিরোধ ব্যবস্থাকে ভেদ করতে পারবে; এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।