ভারতকে ফাইনালে হারিয়ে ২০২০-এ প্রথমবার যুব বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে রকিবুল-প্রান্তিকদের। শনিবার গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে তারা। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ২৯ জানুয়ারি অ্যান্টিগার ওসবুর্নে মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়াও কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার গ্রুপে শুধু স্কটল্যান্ডকে হারানোয় স্বাগতিক উইন্ডিজ থাকতে পারছে না টুর্নামেন্টের মূল পর্বে। খেলতে হচ্ছে তাদের প্লেটপর্ব।
ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারা বাংলাদেশ কানাডাকে হারানোয় দুই পয়েন্ট নিয়ে শনিবার সেন্ট কিটসে দুই পয়েন্টধারী আমিরাতের মুখোমুখি হয়েছিল। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে আমিরাতকে ১৪৮ রানে গুটিয়ে দেন রিপন ম-ল (৩/৩১), আশিকুর (২/১৪) ও তানজিম সাকিবরা (২/১৩১)। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেশ সতর্ক ছিলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। জুটি ভাঙে ২২তম ওভারে দলীয় ৮৬ রানে। ৭০ বলে ৩৭ রান করে ইফতেখার বোল্ড হয়ে ফেরার পরপরই নামে বৃষ্টি। পরে বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। ৬০ বলে ফিফটি পূর্ণ করা ৬৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহফুজুল ইসলাম। ৬৯ বলের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা। যুবারা ৬১ বল হাতে রেখেই জয় পান।
শনিবারের আরেক ম্যাচে যুব বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ৪০৫ রান তুলে ৩২৬ রানে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে। সর্বোচ্চ ৪২৫/৩ দলীয় রান ভারতেরই, যা তারা করেছিল ২০০৪ বাংলাদেশ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সে ম্যাচে শিখর ধাওয়ান অপরাজিত ১৫৫ রান করেছিলেন। এবার রাজ বাজওয়া অপরাজিত ১৬২ এবং ওপেনার রঘুবংশী ১৪৪ রান করেন।
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল জয়ী পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ জয়ীর সঙ্গে একটি সেমিফাইনাল খেলবে। অন্য সেমিফাইনালটি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-আফগানিস্তান দুই কোয়ার্টার জয়ীর মধ্যে। এদিকে ভারতের ৫ খেলোয়াড়ের পর অস্ট্রেলিয়া যুব দলের তিন খেলোয়াড় কভিড পজেটিভ হয়েছেন। বর্তমানে তারা আইসোলেশনে আছেন।