নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার

মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাহিদ শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে শিবচর থানায় নাহিদ শেখকে প্রধান আসামি ও আরও একজনে নাম উল্লেখ করে মামলা করেছেন শিক্ষার্থীর ভাই। পরে রাত ১টার দিকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি পলাতক রয়েছে, তার নাম আরিফ হাওলাদার (২৮)। গতকাল রবিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার উপপরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা বরুন হীরা গতকাল বলেন, সংবাদ পেয়ে শনিবার ওই শিক্ষার্থীকে সকালে উদ্ধার করি ও রাত ১টার দিকে মামলার ১ নম্বর আসামিকে আটক করি। আসামিকে মাদারীপুর কোর্টে ও মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, গতকাল সকালে খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। রাতে মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করার ৪ ঘণ্টা পরে মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করি। অন্য আসামিকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।