শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের প্রতিটি দেয়ালে ও রাস্তায় প্রতিবাদী স্লোগান, গ্রাফিতি ও রোড পেইন্টিং করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবন, উপাচার্যের কার্যালয়, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন গোলচত্বরসহ বেশ কিছু জায়গায় উপাচার্যের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা।
এদিকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে অসুস্থ হয়ে পড়লে ১৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়।
গত বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরবর্তীতে এক শিক্ষার্থীর বাবা হৃদ্রোগে আক্রান্ত হলে তিনি বাড়ি চলে যান।
শনিবার রাতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হলে রবিবার সকাল থেকে আরও ৫ শিক্ষার্থী অনশনে যোগ দেন।
গত ১৩ জানুয়ারি রাত থেকে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরবর্তীতে একজন শিক্ষার্থীর বাবা হৃদ্রোগে আক্রান্ত হলে তিনি বাড়ি চলে যান। পরে গতকাল শনিবার থেকে স্বেচ্ছা গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়।
রবিবার রাতে উপাচার্যের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা। তারা ওই বাসভবনের সামনে মানব দেয়াল গড়ে তোলেন।