একদিন আগে ঢাকায় এসেছেন ক্রিস গেইল। করোনা নেগেটিভ ফল পাওয়ায় মাঠে নামতে দেরি করলেন না। তবে ‘ইউনিভার্স বাস’র উপস্থিতি ফরচুন বরিশালের জয়ের জন্য যথেষ্ট হলো না। তাদের হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের স্বাদ পেল মিনিস্টার গ্রুপ ঢাকা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম ম্যাচে বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে ঢাকা। যদিও ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দলটি।
তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোমের দৃঢ়তার পর আন্দ্রে রাসেলের শেষের ঝড়ে জয় তুলে নেয় ঢাকা। তারকাবহুল দল হলেও যাদের আসর শুরু হয়েছিল টানা দুই হারে।
অন্য দিনগুলোর মতো এদিনও বিপিএলের প্রথম ম্যাচে কম রান হওয়ার ধারা বজায় ছিল। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল।
তবে ছোট্ট পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলে বরিশাল বোলাররা। শরিফুল ইসলাম ও আলজারি জোসেপ তোপে ২.৫ ওভারেই ১০ রানে ৪ উইকেট হারায় ঢাকা। আগের দুই ম্যাচে ফিফটি করা তামিম এদিন শূন্য রানে ফেরেন। বোল্ড হন শরিফুলের বলে।
ব্যর্থ মোহাম্মদ নাঈম (৪), জহুরুল ইসলাম (০) ও মোহাম্মদ শাহজাদ (৫)। নাঈম ও জহুরুলকে ফেরান জোসেপ। তামিমের মতো শাহজাদকেও বোল্ড করে ফেরান শরিফুল।
এমন পরিস্থিতিতে অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেছেন দায়িত্বশীল ইনিংস। শুভাগত হোমকে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেন ৬২ বলে ৬৯ রান।
শুভাগতকে ফিরিয়ে জুটি ভাঙেন ডোয়াইন ব্রাভো। ২৫ বলে ২ চারে ২৯ রান করেন শুভাগত। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে আন্দ্রে রাসেলের ২৫ বলে ৫০ রানের জুটিতে পথ সুগম হয় ঢাকার।
মাহমুদউল্লাহ ৪৭ বলে ৪৭ করে যখন ফেরেন, দল তখন জয় থেকে মাত্র ১ রান দূরে। ৩ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান মাহমুদউল্লাহ। আন্দ্রে রাসেল ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থেকে যান।
বরিশালের পক্ষে শরিফুল ও জোসেফের দুটি করে শিকার ছাড়াও সাকিব ও ব্রাভো ১টি করে উইকেট নেন।
এর আগে রানের জন্য সংগ্রাম করেছে বরিশালের বোলাররা। সাবধানী শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি দুই ওপেনার সৈকত আলি (১৫) ও নাজমুল হোসেন শান্ত (৫)।
তিন নম্বরে নামা সাকিব ১৯ বলে ২৩ রান করেন। পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৩৬ রান করেন গেইল। ব্রাভো ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুই ক্যারিবিয়ানের ব্যাটেই মূলত ১২৯ করতে পারে বরিশাল।
ঢাকার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা। ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।