পার্বতীপুরে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ: সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুর রেল ভূমিতে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ  দখলে থাকা বাসাবাড়ি  এবং জলাশয়  দখলমুক্ত করা হয়েছে। 

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জোবায়দ উর রহমান জবা নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। 

অভিযানকালে অবৈধ দখলদারদের কাছ থেকে জরিমানা হিসেবে সাড়ে ১৩ লাখ টাকা আদায় করা হয়। 
সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের কালিবাড়ী, নতুন বাজার, ঢাকা মোড়, বাইপাস সড়ক ও ভবানীপুর রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. নুরুজ্জামান জানান, রেলের শহর পার্বতীপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। দীর্ঘ কয়েক যুগ ধরে এখানকার কিছু অসাধু মানুষ রেলের জমি ও স্থাপনা বে-আইনিভাবে ভোগ-দখল করে আসছে। রেলের সম্পত্তি বিপুল অর্থের বিনিময়ে কেনা-বেচা অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে রেলের জলায়শয় উদ্ধার, রেলের জমিতে নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং যারা দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে আছে তাদের উচ্ছেদে করতেই এ অভিযান। 

তিনি বলেন, অভিযান চলাকালে ২৬টি অবৈধ স্থাপনা সিলগলা, বাসাবাড়ি ও জলাশয় দখলমুক্ত ও সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।