‘বডি চেঞ্জ’ করেও পরীক্ষায় অংশ নিত প্রশ্নফাঁস চক্র

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে চাকরিপ্রার্থীদের উত্তর পাঠানোর ঘটনায় গ্রেপ্তার চক্রটির সদস্যরা ‘বডি চেঞ্জ’ করেও অর্থাৎ একজনের প্রবেশপত্রে অন্যজন পরীক্ষায় অংশ নিত বলে তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরীক্ষা কেন্দ্রের সবার চোখ ফাঁকি দিয়ে তারা কৌশলে এ ধরনের কাজ করেছে।

তবে গত শুক্রবার প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিটর পদে নিয়োগ পরীক্ষায় তারা অসংখ্য চাকরিপ্রার্থীকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র পাঠায়। চক্রটি ২০১৪ সাল থেকে কখনো ‘বডি চেঞ্জ’ করে পরীক্ষায় অংশ নিচ্ছে আবার কখনো ডিভাইসের মাধ্যমে চাকরিপ্রার্থীকে উত্তরপত্র পাঠাচ্ছে। গত শুক্রবার প্রশ্নফাঁসের অভিযোগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১০ জনকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ড শেষে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

ডিবির গুলশান বিভাগের তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘আসামিদের দুই ভাগে ভাগ করে তদন্ত চলছে। একাংশের কাছ থেকে ২৫ চাকরিপ্রার্থীর সঙ্গে প্রশ্নের উত্তর সরবরাহের চুক্তির বিষয়ে তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ৯ জনের কাছ থেকে তারা অগ্রিম টাকা নিয়েছে বলে স্বীকার করেছে। এ চক্রের নেটওয়ার্ক অনেক বড়। চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তদন্তসংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, চক্রটি ২০১৪ সাল থেকে অসংখ্য চাকরিপ্রার্থীকে অর্থের বিনিময়ে উত্তরপত্র সরবরাহ করেছে। এদের কেউ কেউ অতীতে গ্রেপ্তারও হয়েছে।