রাজশাহী নগরীতে ধর্ষণের শিকার শিশুকে বের করে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসা কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হাবিবুল্লাহ শিশুটির পরিবার ও এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে ক্ষমা চান।
জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে আজ (গতকাল) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা এবং তিনি মাদ্রাসায় গিয়ে কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চান। একই সঙ্গে ওই ছাত্রীকে ভর্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ দিতে চান।
শিশুটির মা বলেন, ‘আমরা আজ (গতকাল) মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসার পরিচালক ক্ষমা এবং মেয়ের পড়ালেখার সব খরচ দিতে চান। মেয়েকে আমরা একটি সরকারি স্কুলে ভর্তি করেছি। এজন্য তাদের প্রস্তাবে সাড়া দেয়নি।’ তিনি আরও বলেন, ‘আয়ার কাজ করায় বাসায় ফিরতে আমার অনেক রাত হয়। আবাসিক মাদ্রাসাটিতে মেয়ে নিরাপদে থাকবে ভেবে ভর্তি করেছিলাম। যেখানে এমন ঘটনা ঘটল, সেখানে আর মেয়েকে আমি পড়াব না। তারপরও জয়া মারীয়া পেরেরা ম্যাডাম আমাকে ফের ভেবে দেখতে বলেছেন। কিন্তু মেয়েকে আমি সরকারি স্কুলেই পড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’