শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরতদের আর্থিক সহায়তা দেয়ায় অভিযোগে শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আটক পাঁচজনকে ঢাকা থেকে সিলেটে আনা হচ্ছে।
আটক পাঁচজনের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান স্বপন, আর্কিটেকচার বিভাগের রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।
রেজার স্ত্রী জাকোয়ান সালওয়া তাকরিম বলেন, ‘রেজা সোমবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়ে মুদি দোকানে কেনাকাটার জন্য গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট তুলে নেয়।’
তিনি জানান, ‘তারা রেজার গাড়ি ফেরত দিতে বাসায় আসে এবং জানায় রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। যারা বাসায় এসেছিল তাদের গাড়িতে সিআইডির স্টিকার লাগানো ছিল। এ সময় গাড়িতে তিনি হাবিবকেও দেখেছেন।’
রেজার স্ত্রী বলেন, ‘শাবির উপাচার্যবিরোধী আন্দোলনে রেজা ও হাবিব আর্থিক সহায়তা করছেন। আরও অনেক বন্ধুদের কাছে থেকে তারা টাকা সংগ্রহ করেও দিয়েছেন। এ কারণে তাদের আটক করা হতে পারে।’
শাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘এ রকম অভিযোগ আমরাও শুনেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে নানাভাবে বাধা দেয়া হচ্ছে। এর আগে আমাদের লেনদেনের সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তবে এসব করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।’
তবে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির টিম ঢাকায় পাঁচজনকে আটক করেছে। তারা শাবির সাবেক শিক্ষার্থী বলে শুনেছি। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এসব বিস্তারিত জানি না। তারা এলে বিস্তারিত জানাতে পারব।’