শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থসহায়তা দেওয়ার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন সিলেট নগরীর আম্বরখানার বাসিন্দা সুজাত আহমেদ লায়েক। মামলায় আটক ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

সোমবার ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থীকে মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন- হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এ এফ এম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, সাবেক ৫ শিক্ষার্থীকে আটকের মূল কারণ তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছিলেন অর্থের জোগানদাতা হিসেবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কানি দিয়ে অশান্ত করা এবং অন্যদিকে প্রবাহিত করা।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ঢাকায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বর্তমানে জালালাবাদ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএমপি কমিশনার আরও বলেন, অর্থের জোগানদাতা হিসেবে তাদের উদ্দেশ্য কী তাও তদন্তে আসবে। যেমন জঙ্গিদের অর্থ জোগানদাতা আছে, আর এই অর্থ দিয়ে জঙ্গিরা কেবলমাত্র খাবার খায় না, বরং এটা দিয়ে বোমা বানায় বা কিনে। অর্থাৎ তাদের উদ্দেশ্য কী তা আসবে তদন্তে।

এদিকে, শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ১২ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আন্দোলনকারীদের মোবাইল ব্যাংকিং ও মেডিকেল সাপোর্ট বন্ধ করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। পুলিশ সন্ধ্যার পর গেটের সবগুলো দোকান বন্ধ করে দিচ্ছে। আমাদের খাবার ও চিকিৎসার জন্য কয়েকজন সাবেক শিক্ষার্থী কিছু অর্থ সহায়তা দিচ্ছিলেন। এটা গোপন কিছু নয়। তারা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে আমাদের অর্থ সহায়তা দিয়ে আসছিলেন।

আন্দোলনে সাবেক শিক্ষার্থীদের সমর্থন ও সহায়তার ব্যাপারে তারা বলেন, কেউ হয়তো ১ হাজার, কেউ ৫ হাজার, কেউ ৭ হাজার, অর্থাৎ যে যতটুকু পেরেছেন সহায়তা করেছেন। যিনি মাত্র ১ হাজার টাকা দিয়েছেন তাকেও আটক করা হয়েছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আমাদের আন্দোলন দমানোর জন্য তাদের আটক করা হয়েছে।

অবরুদ্ধ হয়ে থাকা উপাচার্যের বাসভবনে খাবার পৌঁছানোর ব্যাপারে তারা জানান, গত পরশু আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুলিশ এবং সংবাদকর্মী ছাড়া কেউ উপাচার্যের বাসায় যেতে পারবেন না। সে হিসেবে উপাচার্যের বাসায় খাবার নিয়ে আসা শিক্ষকদের বলেছি, আমরাই উপাচার্যের বাসায় খাবারসহ যেকোনো ধরনের সহায়তা পৌঁছে দেব, আপনারা কেউ ভেতরে যেতে পারবেন না। আমরা পুলিশের মাধ্যমে পরীক্ষা করিয়ে সেগুলো পৌঁছে দিচ্ছি।

উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে তারা বলেন, উপাচার্যের বাসার পাশে ডরমিটরি এবং কোয়ার্টারে আমাদের বেশ কিছু শিক্ষক এবং কর্মচারী আছেন। যাদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের ঝামেলা উপাচার্যের সঙ্গে। এ কারণে তাদের কথা চিন্তা করে মানবিক বিবেচনায় আমরা সেখানকার বিদ্যুৎ-সংযোগ চালু করে দিয়েছি।

অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে তারা জানান, আমাদের এখানে মেডিকেল সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওসমানী মেডিকেল থেকে আমাদের এখানে একটি টিম আসতো। এখন চাপে পড়ে বা অন্য কোনো কারণে তারা আসা বন্ধ করে দিয়েছে। যারা অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা নিজেদের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করেছি এবং সার্বক্ষণিক সেটি আমাদের সঙ্গে থাকছে।

শিক্ষার্থীরা জানান, প্রথমে আমরা ২৪ জন আমরণ অনশনে বসি। পরে একজনের বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আরও ৫ জন অনশনে বসেছে। এখন অনশনকারীর সংখ্যা মোট ২৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন এবং ক্যাম্পাসে আছে ৮ জন।