প্রবাসী স্বামীকে ‘ফেরাতে’ কবিরাজের কাছে গৃহবধূ, চেতনানাশক খাইয়ে ধর্ষণ

পানিতে চেতনা নাশক মিশিয়ে খাইয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬২) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসী স্বামীর যোগাযোগ না থাকায় ওই গৃহবধূ মোহাম্মদ আলী নামে কবিরাজের কাছে পরামর্শ চান। কবিরাজ পানি পড়া ও তাবিজ ব্যবহার করলে প্রবাসী স্বামী দেশে থাকা স্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন- এমন আশ্বাসে দুই দফায় পানি পড়া ও তাবিজ বাবদ ১০ হাজার টাকা আদায় করেন। এসব পানি পড়া ও তাবিজে কোনো সুফল না হওয়ায় আবারও কবিরাজের সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগী নারী।

আরও জানা যায়, কবিরাজ ওই নারীকে হাটহাজারীর নিজ বাড়িতে যেতে বলেন। তার কথামতো ২২ জানুয়ারি ওই নারী হাটহাজারীতে কবিরাজের বাসায় যান। ওই নারী তাকে জানান যে, তাবিজ-কবজ দিয়ে কোনো উপকার হয় নাই কেন? এ কথা বলার পর কবিরাজ তাকে বলেন- তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তাহলেই যোগাযোগ করবে।

এই কুপ্রস্তাবে অসম্মতি প্রকাশ করলে, পাশের রুম থেকে এক গ্লাস পানি নিয়ে এসে ওই নারীকে পান করতে বলেন। ভুক্তভোগী সরল বিশ্বাসে পানি পান করেন।

পানি পান করার কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে যান। ওই দিন বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ভুক্তভোগীর জ্ঞান ফিরলে দেখতে পান, তিনি কবিরাজের ঘরের ভেতর। তার শরীরের পোশাক অশালীন অবস্থায় রয়েছে।

পরে বিষয়টি র‌্যাবকে জানানো হলে অভিযান চালিয়ে কবিরাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় কবিরাজের আস্তানায় অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গ্রেপ্তার মোহাম্মদ আলী জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।