আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আলবিসেলেস্তেরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ অপরাজিত। কিন্তু তাদের সেই রেকর্ড এখন হুমকির মুখে। বাংলাদেশ সময় কাল সকালে (৬টা ১৫ মিনিট) চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ যে ‘নরকে’! নরকে আবার ম্যাচ কীভাবে হয়? একটু ব্যাখ্যা করা যাক, চিলির কালামা শহরের এস্তাদিও জরোস দেল দেসিয়ের্তো স্টেডিয়ামে হবে ম্যাচ। চিলির ট্রান্স-আন্দিয়ান জনগোষ্ঠী এ মাঠকে ‘এল ইনফার্নো’ বলে ডাকে যার অর্থ ‘নরক!’ এই নামে ডাকার বেশ কিছু কারণ আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৬০ মিটার উচ্চতায় অবস্থিত স্টেডিয়াম। এত উচ্চতায় খেলার নিয়মিত অভ্যাস না থাকলে খুব সমস্যা হওয়া স্বাভাবিক। অক্সিজেন সংকটে ভুগতে হয়। জানুয়ারি মাসে সেখানে তাপমাত্রা দুপুরে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে, যা রাতে ৫ ডিগ্রিরও কমে নেমে যায়। স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে হবে আর্জেন্টিনা-চিলি। তাছাড়া, অধিনায়ক এবং দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি নেই আর্জেন্টিনা স্কোয়াডে। মেসিকে ছাড়া ‘নরক জয়’ করতে পারে কি না আর্জেন্টিনা সেটিই হবে দেখার বিষয়। ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে চিলি আছে ছয় নম্বরে। শীর্ষ চারে থেকে সরাসরি কাতারের টিকিট পেতে হলে বাকি ৪ ম্যাচেই জয় চাই চিলিয়ানদের। তাই ভেন্যু পরিবর্তন করে প্রতিপক্ষের সমস্যা হয় এমন ভেন্যুতে ম্যাচটি নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে আর্জেন্টিনার আল নাসিওন দৈনিক।
এদিকে আজ রাতে ব্রাজিল খেলবে ইকুয়েডরের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। ইকুয়েডর ও ব্রাজিল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২০ কোপা আমেরিকার গ্রুপ পর্বে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল নিজেদের মাঠে ইকুয়েডরকে হারিয়েছিল (২-০)। সেই ম্যাচে নেইমার ও রিচার্লিসন গোল করেছিলেন। নেইমার এবার দলে নেই ইনজুরির কারণে। তবে এবার ব্রাজিল স্কোয়াডে তিতে ফিরিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার আলভেসকে। ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে শেষ ৩০ ম্যাচে অপরাজিত। সবশেষ তারা বিশ্বকাপ বাছাই ম্যাচে হেরেছিল ২০১৫ সালের অক্টোবরে। ব্রাজিল ১৩ ম্যাচে ৩৫ পয়েন্টে শীর্ষে আছে।