বিপুল পরিমাণ সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু সৌদি আরবে আটক হয়েছেন। তার নাম রুহুল আমিন শুভ। গতকাল বুধবার দুপুরে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি পুলিশের হাতে তিনি আটক হন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিমানের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন।
সৌদি পুলিশের হাতে আটক শুভ বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইট বিজি-৪০৩৬’র কেবিন ক্রু ছিলেন। বিমানে ওঠার আগ মুহূর্তে সৌদি পুলিশ তার ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ সোনা ও বিদেশি মুদ্রা দেখতে পায়। পুলিশ তার কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় হস্তান্তর করে।
বাংলাদেশের সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে ১০ জন কেবিন ক্রু থাকতে হবে। কিন্তু সৌদি আরবের বিমানবন্দরে একজন আটক হওয়ায় বিমানের ওই ফ্লাইটকে ৯ জন কেবিন ক্রু নিয়ে ঢাকায় আসতে হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিমানের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।