ঢাবিতে গেস্টরুম নির্যাতনকারী ছাত্রলীগ কর্মীদের ছাত্রত্ব বাতিলের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে বুধবার রাতে ‘গেস্টরুম’ নির্যাতনের শিকার হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আখতার হোসেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগের কয়েকজন কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থীর সহপাঠীরা৷

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ২০২০-২১ শিক্ষাবর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে মানববন্ধন করে এই দাবি তুলেছেন তারা।

মানববন্ধনে আইন বিভাগের ছাত্র সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলের অতিথিকক্ষে ম্যানার শেখানোর নামে নির্যাতন করা হয়৷ গেস্টরুমের নামে তাদের ওপর জুলুম করা হয়৷ আমরা সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এই সংস্কৃতির চিরতরে অবসান চাই৷ নবীন শিক্ষার্থীদের ওপর গেস্টরুমের নামে আর কোনো নির্যাতন হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব৷’

ইসলামিক স্টাডিজের ছাত্র হাসান ইমাম বলেন, ‘গেস্টরুমে ম্যানার শেখানোর নামে অকথ্য নির্যাতন ও গালিগালাজের শিকার বন্ধুর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের যেভাবে নির্যাতন করা হয়, তাতে ঢাকায় থাকার অন্য জায়গা থাকলে সুস্থ-মস্তিষ্কের কেউ হলে থাকতেন না৷ থাকার জায়গা না থাকায় শিক্ষার্থীরা নির্যাতন সয়ে দিনের পর দিন হলে থাকেন৷ এই অপসংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে হবে৷ বিজয় একাত্তর হলে নির্যাতনকারী ছাত্রলীগ কর্মীদের শনাক্ত করে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে৷’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রিফাত রশীদ বলেন, ‘আমরা ভাবতাম যে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষামুখর পরিবেশে আনন্দে লেখাপড়া করব৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর আমাদের ওপর নির্যাতন করা হচ্ছে৷ আমরা তো মেধা দিয়ে সংগ্রাম করেই বিশ্ববিদ্যালয়ে এসেছি৷ তাহলে কেন আমাদের নির্যাতন সহ্য করতে হবে? গেস্টরুমের নামে নির্যাতন বন্ধ হোক৷’

দর্শন বিভাগের ছাত্রী নাফিসা ইসলামও বিজয় একাত্তর হলে নির্যাতনকারী ছাত্রলীগ কর্মীদের বিচার দাবি করেন৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা এই প্রথা আইন করে বন্ধ করতে হবে, যাতে শিক্ষার্থীরা মানসিক শান্তি নিয়ে পড়াশোনা করতে পারেন৷

প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই মানববন্ধনের পর একই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আরও একটি মানববন্ধন হয়৷ সেখানে বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন৷

এই মানববন্ধনে আইন বিভাগের ছাত্র কাজী রাকিব হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন নবীন শিক্ষার্থীদের সিট দেয় না বলে তাদের ছাত্রলীগ নিয়ন্ত্রিত গণরুমে থাকতে হয়৷ হলে থেকে তারা অপুষ্টিতে ভোগেন, নির্যাতিত হন৷ প্রতিনিয়ত হলগুলোতে এমন ঘটনা ঘটেই চলেছে৷ গণরুম-গেস্টরুম শাসকদের জন্য জরুরি। এসবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে৷