মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়েছে সন্ত্রাসীরা

মিরসরাইয়ে আবুল কাশেম নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কাশেম সাহেরখালী ইউনিয়নে ছয়বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় আবুল কাশেম বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মঘাদিয়া খালের কাদার মধ্য থেকে ছুরিকাহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কে বা কারা তার পেটে ও পিঠে ছুরি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করতে খালে ফেলে দেয়।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবুল কাশেম সাহেরখালী ইউনিয়ন পরিষদের ছয়বারের নির্বাচিত সদস্য ছিলেন। তবে গত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।

মিরসরাই থানার ওসি (তদন্ত) অলিউল্যা জানান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে কুপিয়ে আহত করার বিষয়ে থানায় কেউ জানায়নি। তবে পুলিশ খবর নেওয়ার চেষ্টা করছে।