সেন্টমার্টিনে চার রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা দন্ড

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টি দ্বীপে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে চারটি রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম নওরীণ হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে।