দেশে বছরে ইনসুলিন বাবদ খরচ ১৭ হাজার কোটি টাকা

দেশে এ মুহূর্তে ৮৪ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ৩০ বছরের বেশি বয়সের সবাইকে পরীক্ষা করলে এ সংখ্যা আরও বাড়বে। ডায়াবেটিসে আক্রান্তদের শুধু ইনসুলিনের জন্য প্রতি বছর খরচ হচ্ছে ১৬ হাজার ৮০০ কোটি টাকা। শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে বিভিন্ন অসংক্রামক রোগ থেকেও রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন-২০২২’-এর দ্বিতীয় দিনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আজ।

সম্মেলনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক শাহাদাত হোসাইন মাহমুদ বলেন, আমাদের দেশে কভিডে যে মৃত্যু, অসংক্রামক কোনো কোনো রোগে মৃত্যু তার চেয়ে ১০ থেকে ২০ গুণেরও বেশি।  উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যানসারসহ অন্যান্য অসংক্রামক রোগে যে মৃত্যুর হার, প্রত্যেকটির মৃত্যুর হার করোনায় মৃত্যুর থেকে পাঁচ গুণ বেশি।

বিকেলের অধিবেশনে ইএএসডির উপদেষ্টা ডা. আবদুন নূর তুষার বলেন, মানুষের গড় আয়ু বাড়ায় অসংক্রামক রোগসহ বিভিন্ন রোগব্যাধি বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদি বলেন, ‘অসংক্রামক রোগ আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত। আমরা যদি জীবনযাত্রার মানে পরিবর্তন আনি, তাহলেই কিন্তু আমরা এটা থেকে অনেকাংশে ভালো থাকতে পারি।’

তিনি প্রতিরোধের ওপর জোর তাগিদ দিয়ে বলেন, ‘আমরা রোগ এবং রোগের চিকিৎসায় গুরুত্ব দিই। কিন্তু রোগের প্রতিরোধের যে বিষয় আছে, আমরা যদি সেদিকে গুরুত্ব দিই তাহলে অনেক সমস্যা থেকে উত্তরণ করতে পরব।’

দ্বিতীয় দিনের বিকেলের অধিবেশনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএসএমএমইউর পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোমেন রাইহান, সিডার স্বাস্থ্য উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম, ব্রিটিশ হাইকমিশনের হেলথ অ্যাডভাইজার ডা. শফিকুল ইসলাম, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও আয়োজক কমিটির বৈজ্ঞানিক সেক্রেটারি ডা. আলেয়া নাহিদ এবং সাংবাদিক শিশির মোড়ল।