উৎসবমুখর পরিবেশে চলছে অভিনয়শিল্পী সংঘ নির্বাচন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে অভিনয়শিল্পী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ চলছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকালের দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের উপস্থিতি। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করছেন তারা।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক না হওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যাঙ্গনের ৪৮ জন অভিনয়শিল্পী। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৫২ জন।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন—অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।