৫০৫ দিন কোনো ফুটবল ম্যাচ খেলেননি। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাব পেয়েছেন ম্যানচেস্টার সিটি ও সোয়ানসি সিটির সাবেক স্ট্রাইকার উইলফ্রাইড বোনি।
ডাচ ফুটবলের শীর্ষ লিগের ক্লাব এনইসি নিজমেগেনে যোগ দিয়েছেন আইভরিয়ান কোস্ট তারকা। এই ক্লাবে যোগ দিয়ে বোনি বলেন, ‘এনইসিতে যোগ দিয়ে আমি খুবই উচ্ছ্বসিত’।
২০১৫ সালে সোয়ানসি থেকে ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। সে সময় আফ্রিকান ফুটবলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন বোনি। তবে ইতিহাদে নিজের সেরাটা দিতে পারেননি।
পরে তার ঠিকানা হয় মধ্যপ্রাচ্যের ফুটবলে। সিটি থেকে ফের সোয়ানসিতে আসার পর ২০১৯ সালে ধারে কাতারের ক্লাব আল-আরবিতে যোগ দেন এই আইভরিয়ান। পরের বছর নাম লেখান সৌদি আরবের আল-ইত্তিহাদে।
তবে জেদ্দায় কঠিন সময় পার করে ৩৩ বছর বয়সী স্ট্রাইকার ফের ফিরলেন ইউরোপের ফুটবলে।