২৮ জানুয়ারি, শুক্রবার আলোচিত শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে লড়ছেন ৪২ জন প্রার্থী৷ এছাড়াও অভিনেতা ডন ও হরবোলা আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে৷ এই নির্বাচনকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই। তারকাবহুল এ নির্বাচন দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তার প্রমাণ মিললো আজ নির্বাচনের দিনেও৷
এফডিসির সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে হাজারও মানুষের আনাগোনা৷ বেশিরভাগই দূর দূরান্ত থেকে আসা। তাদের সাথে কথা বলে জানা গেল, প্রিয় তারকারা আজ নির্বাচন করছেন, ভোট দেবেন৷ এক নজর সবাইকে দেখার জন্য ছুটে এসেছেন তারা৷
এদিকে এসব দর্শনার্থীদের সামাল দিতে ঘাম ছুটে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর৷ এফডিসির সামনে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে ভোট দেবেন ৪২৮ জন ভোটার। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন৷ তার সঙ্গে সহযোগী হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান।