বিপিএল ২০২২: প্রথম সেঞ্চুরি সিমন্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২-এ প্রথম সেঞ্চুরিটি এলো লেন্ডল সিমন্সের ব্যাট থেকে।

শুক্রবার মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ঝড় তুলে শতক হাঁকান সিলেট সানরাইজার্সের এই ওপেনার। ৬৫ বলে ১৪ চার ও ৫ ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেন ক্যারিবীয় তারকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল সিলেট। সিমন্সের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৭৫ রানের পুঁজি গড়ে দলটি।

এনামুল হক বিজয়কে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন সিমন্স। বিজয় ১৬ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। তিনে নামা মোহাম্মদ মিথুন (৮ বলে ৬) ও চারে নামা কলিন ইনগ্রামও (৩ বলে ০) ছিলেন ব্যর্থ।

তবে এক প্রান্তে সিমন্স দুর্দান্ত খেলেছেন। ফলে বড় সংগ্রহ গড়তে অসুবিধা হয়নি সিলেটের।

শেষ দিকে ৮ বলে অপরাজিত ১৩ রান করেন মোসাদ্দেক হোসেন। রবি বোপারা ১৫ বলে ১৩ রান করেন।

ঢাকার পক্ষে মাশরাফী বিন মোর্ত্তজা ৪ ওভারে ২৯ রান খরচায় ১ উইকেট নিয়েছেন। আন্দ্রে রাসেল, এবাদত হোসেন ও কায়েস আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।

১৭৬ রানের লক্ষ্যে ঢাকা এখন ব্যাট করছে। নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে বেশ চাপে আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।