ভারতে অমিক্রনের তেজ কমার সঙ্গে সঙ্গে শর্তসাপেক্ষে দেশটির সব হাসপাতাল ও ক্লিনিককেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা বিক্রির অনুমতি দেওয়া হলো।
তবে আপাতত ওষুধের দোকানগুলোকে নয়। এত দিন শুধু সরকার নির্ধারিত হাসপাতালেই পাওয়া যেত টিকা।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, বৃহস্পতিবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) এই ছাড়পত্র দিয়েছে। এই দুই টিকার দামও সরকার বেঁধে দিয়েছে।
শর্ত হলো, দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে তাদের টিকাসংক্রান্ত সব ধরনের চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য সরবরাহ করতে হবে। টিকাদানের পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, সে দিকেও দুই সংস্থাকে নজর রাখতে হবে। দুই সংস্থা খোলাবাজারে টিকা সরবরাহের অনুমতি চেয়েছিল গত বছরের অক্টোবর মাসে।
বর্তমানে সরকারের বেঁধে দেওয়া কোভ্যাক্সিন টিকার দাম ১ হাজার ২০০ রুপি, কোভিশিল্ড ৭৮০। এর সঙ্গে সার্ভিস চার্জ ১৫০ রুপি। খোলাবাজারে বিক্রির দাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে। টিকার দাম যাতে সাধারণের আয়ত্তের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে। ওই সংস্থাই ২৭৫ রুপি দাম ধার্য করেছে।
সরকারি হিসেবে, ভারতের ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত একটি করে টিকা নিয়েছেন। ৭২ শতাংশ দুটি টিকা। মোট টিকার ৮০ শতাংশই কোভিশিল্ড।