অস্ট্রেলিয়ায় বুস্টার ডোজ পাচ্ছে ১৬-১৭ বছর বয়সীরা

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য কভিড-১৯ টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল শুক্রবার এই অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য

কর্র্তৃপক্ষ। এছাড়া ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি কমিয়ে আনতে এই বয়সীদের দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্র্তৃপক্ষ থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) জানিয়েছে, করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে তারা। এই অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ব্রিটেনের পথেই হাঁটল প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি।

করোনা টিকাদানের হারে বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৩ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করেছেন। এছাড়া ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৩৫ শতাংশ মানুষ।

এর আগে চলতি মাসের শুরুতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার আওতায় আনে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে প্রায় ২৩ লাখ অস্ট্রেলীয় শিশু করোনা টিকা পাবে বলে মনে করা হচ্ছে।