নাচ, গান, নাটক ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের নাট্য শিক্ষার অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান প্রাচ্যনাট স্কুলের ২০ বছর পূর্তি উৎসব। গতকাল শুক্রবার ঢাকার কবি নজরুল ইনস্টিটিউটে দিনব্যাপী আয়োজন করা হয় ‘২০-এ বিষক্ষয়’ শিরোনামে মিলনমেলা। এতে স্কুলটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলসংশ্লিষ্টরা অংশ নেন।
প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম ইমন উদ্বোধন করেন মিলনমেলার। স্কুলের শিক্ষক ও সমন্বয়কদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা গান, নাচে মাতিয়ে রাখে পুরো আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পরিবেশন করে নাটকের অংশবিশেষ। সকালে শুরু হওয়া এ আয়োজনে রাত ৮টায় সমাপনী বক্তব্য দেন স্কুলের শিক্ষক নাট্যজন আজাদ আবুল কালাম এবং সবশেষে রাহুল আনন্দের নেতৃত্বে মিউজিক্যাল পারফরম্যান্স, প্রদীপ প্রজ্বালন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
২০০১ সালে রাজধানীর দিলু রোডে স্কুলটি প্রতিষ্ঠা করে নাটকের দল প্রাচ্যনাট। বর্তমানে কাঁটাবনে প্রাচ্যনাটের মহড়া কক্ষে স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। অ্যাকটিং এবং ডিজাইনের ওপর ছয় মাস মেয়াদি কোর্স পরিচালিত হয় স্কুলে। এতে থিয়েটারের ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেন দেশের শিল্পকলার গুণী শিক্ষকরা। ইতিমধ্যে ৪০টি ব্যাচ কোর্স সম্পন্ন করেছে। বর্তমানে ৪১তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।