ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ভাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ( ৪৫)। অপরজন তার এক বিদেশফেরত বন্ধু মির্জা মো. ওয়াহিদুজ্জামান (৪০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ওমর ফারুক জানান, শুক্রবার সন্ধা ৭টার দিকে ভাঙ্গার হামিরদি নামক বাসস্ট্যান্ডে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরগামী মালবাহী একটি ট্রাক নম্বরবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলকে চাপা দিলে চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহীকে ফরিদপুরে প্রেরণ করা হয়।

রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর আরোহী ওয়াহিদুজ্জামানের মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মৃত ইউনুস মিয়ার ছেলে এবং মির্জা মো. ওহিদুজ্জামান ভাঙ্গা উপজেলার নোয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে।