বিচিত্র প্রাণীর দেশ অস্ট্রেলিয়া। ক্যাঙারু থেকে কোয়ালা— স্তন্যপায়ী প্রাণীদের বৈচিত্র্য রয়েছে মহাদেশটিতে।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো অস্ট্রেলিয়ার প্রাণবৈচিত্র্য রয়েছে হুমকিতে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা তার একটি— কোয়ালা। যাদের প্রধান খাদ্য ইউক্যালিপটাস গাছের পাতা।
কোয়ালা রক্ষা ও প্রাণীটির সংখ্যা বর্ধনে দারুণ এক উদ্যোগ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার। আগামী চার বছর প্রাণীটিকে দীর্ঘমেয়াদি রক্ষার পরিকল্পনা হিসেবে রেকর্ড ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে তারা।
শনিবার প্রধানমন্ত্রী স্কট মরিসনের কার্যালয়ের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘কোয়ালা অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রিয় এবং সেরা স্বীকৃত আইকনগুলোর মধ্যে একটি, আগামী প্রজন্মের জন্য আমরা তাদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গ্রেট ব্যারিয়ার রিফ বা সমুদ্রের প্রবাল-প্রাচীর সংরক্ষণের জন্য বড় অঙ্কের অর্থ প্রতিশ্রুতি দেওয়ার একদিন পরেই কোয়ালা রক্ষার কথা জানাল অস্ট্রেলিয়া।
কোয়ালা রক্ষায় নতুন এই বিনিয়োগের খরচ যোগ করলে, ২০১৯ থেকে অস্ট্রেলিয়ান সরকারের খরচ দাঁড়াচ্ছে ৫২ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৮ থেকে দাবানলের ফলে অস্ট্রেলিয়ায় কোয়ালার সংখ্যা ৩০ শতাংশ হ্রাস পায়। ২০২১ সালের সেপ্টেম্বরে এই তথ্য প্রকাশ করে অস্ট্রেলিয়ান কোয়ালা ফাউন্ডেশন।
তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ২০১৯ দাবানলে। এতে প্রায় দেশটির ১২ মিলিয়ন একরের বেশি (৪৮ হাজার বর্গ কিলোমিটার) জমি পুড়ে যায়।