২ ভারতীয় শিক্ষার্থীর লুণ্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ডা. সিরাজুল মেডিকেল কলেজের শিক্ষার্থী ভারতীয় নাগরিক শাহীল আহমেদ ও আসিফ ইকবাল গত ২৩ জানুয়ারি মগবাজারে ডাকাতের কবলে পড়েন। তাদের অভিযোগের প্রেক্ষিতে ধরা পড়ল সাতজন।  

শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং কেরানীগঞ্জ থেকে এলাকা ডাকাতদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

তাদের গ্রেপ্তারের পর শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

গ্রেপ্তাররা হলেন মো. ফখরুল ইসলাম ফকু, মো. আলমাস, মো. সামুন, আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ আশিক, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি, ডাকাতি হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইলসহ ১৮টি মোবাইল, ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও নগদ তিন হাজার টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ঘটনার দিন একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা মুখোশধারী চারজন শাহীল আহমেদ ও আসিফ ইকবালকে ঘিরে ফেলে। দুজন শিক্ষার্থীদের গলায় চাপাতি ঠেকিয়ে ধরে এবং অন্য দুজন তাদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি, নগদ ৭ হাজার ৬০০ বাংলাদেশি টাকাসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় মামলা হলে ডাকাতদের ধরতে অভিযানে নামে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।