দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত ১

জামালপুরের সরিষাবাড়ীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টায় পিংনা ইউনিয়ন পশ্চিম নলসন্দা গ্রামের সাবেক ফজলুল হক মেম্বারের বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মেম্বার প্রার্থী নূরুল ইসলামের বড় ভাই ভোলা শেখ নিহত হয়। নিহত ভোলা শেখ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত হারুনর রশীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী হিসেবে সুজাত আলী সরু মোরগ প্রতীক ও নুরুল ইসলাম ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আজ সকালে নুরুল ইসলামের সমর্থকেরা নির্বাচনী প্রচারণা করতে গেলে সুজাত আলী সরুর লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সরুর লোকেরা নুরুল ইসলামের সমর্থক পশ্চিম নলসন্ধ্যা গ্রামের আমির হোসেনের ছেলে রুবেলকে (২১)  তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

গুরুতর আহত আব্দুল হালিম (৫৯), টুটুল (৫০), শুক্কুরকে (৪৯) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে ফাঁড়িতে আনা হয়েছে।