ময়মনসিংহের গফরগাঁওয়ে লাল মিয়া (৩৮) নামে এক চালকলের শ্রমিককে অপহরণে জড়িত থাকার অভিযোগে অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পৌরশহরের ষোলহাসিয়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
অপহৃত লাল মিয়া শেরপুর সদর থানার মধ্যবয়রা কানশাখোলা এলাকার অজিত উল্লাহ হকের ছেলে।
গ্রেপ্তাররা হলেন- ষোলহাসিয়া গ্রামের মো. মবিন (২০), মো. এমদাদুল হক সরকার (২৩), মো. স্বপন মিয়া (৩০), আকিব (২২) ও জন্মেজয় গ্রামের মো. শান ওরফে ফুয়াদ (২০)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অপহরণকারী একই এলাকার আশিক ও তানজিরুল পালিয়ে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারূক আহমেদ বলেন, অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কাজের সন্ধানে লাল মিয়া গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ আসলে তার পূর্ব পরিচিত আশিকের সঙ্গে দেখা করতে আসেন। আশিক তাকে কাজ দেওয়ার কথা বলে গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া গ্রামে নিয়ে আসে ও আটকে রেখে লাল মিয়ার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
তিনি আরও বলেন, পরে লাল মিয়ার স্বজনেরা এসে গফরগাঁও থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। অপহৃত লাল মিয়াকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।