গণবিরোধী ইসি আইন গণতন্ত্রের জন্য অশনিসংকেত: গণ অধিকার পরিষদ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সদ্য পাস হওয়া আইনকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এই আইন গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদ। তাদের মতে, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিতে হবে।

শনিবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশন আইন ও চলমান পরিস্থিতি নিয়ে সংগঠনটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে দেশের চলমান রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংকট নিরসনে সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ ও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

এতে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, জাতীয় সংসদে নির্বাচন কমিশন (ইসি) গঠনে যে আইন পাস হয়েছে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে না।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ‘সার্চ কমিটি’র মাধ্যমে গঠিত বিগত দুটি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ার মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

গণ অধিকার পরিষদ মনে করে, রাজনৈতিক নেতাদের ঐকমত্য ব্যতীত নির্বাচন কমিশন গঠন করা হলে তাতে জনমতের চাওয়া প্রতিফলিত হবে না; বরং বিগত বিতর্কিত দুটি কমিশনের মতোই হবে।

নুরুল হক নূর বলেন, বিগত দুটি বিতর্কিত নির্বাচন কমিশন গঠনের দায়মুক্তির বিধান রেখে, নির্বাচন কমিশন গঠনে বিরোধী রাজনৈতিক দলের সাংসদ ও রাজনৈতিক নেতাদের মতামতের কোনো সুযোগ না রেখে সরকারি দলের পছন্দমতো নির্বাচন কমিশন গঠনের নিমিত্তে যে আইন পাস করা হয়েছে, তা নির্বাচনী সংকটকে আরও ঘনীভূত করবে।

তিনি বলেন, এ ধরনের গণবিরোধী আইনকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মনে করে গণ অধিকার পরিষদ। তাই নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিতে হবে।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা না করে এ সিদ্ধান্ত নেওয়ায় দেশ-বিদেশে সমালোচনা চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু আমাদের দেশে ভিন্ন। এর কারণে সাধারণ মানুষও বিপদে পড়বে।’

তিনি আরও বলেন, গত ৩০ ডিসেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, অনেক সময় লাগবে। কিন্তু হুট করে ১০ দিনের মধ্যে আইন করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, শাকিল উজ্জামান, শহিদুল ফাহিম, যুগ্ম-সদস্য সচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, ফাতেমা তাসনিম, নাজমুল হুদা প্রমুখ।