সাবেক স্বামীর বিরুদ্ধে গার্মেন্টস কর্মীর মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক গার্মেন্টস কর্মীর (১৯) মুখে অ্যাসিড ছুড়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী-ফেরাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিড ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম।  

ভুক্তভোগীর মা বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার নাঈমের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় তার মেয়ের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার মেয়েকে চাপ দিয়ে অত্যাচার শুরু করে নাঈম। মেয়ের জামাই একজন বখাটে ও নেশাখোর হওয়ায় সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর থেকেই রাস্তাঘাটে মেয়েকে বিরক্ত করতে শুরু করে নাঈম। তার সঙ্গে সংসার না করলে মেরে ফেলার হুমকিও দেয়। এর জের ধরেই শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে তার মেয়ের মুখে অ্যাসিড মেরে হাত-মুখ ঝলসে দেয় নাঈম। 

ভুক্তভোগীর বড় ভাই বলেন, তার বোন ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করেন। অফিসে যাওয়া আসার সময় রাস্তা-ঘাটের বিভিন্ন জায়গায় তাকে বিরক্ত করে নাঈম। পুনরায় তাকে বিয়ে করে সংসার করার জন্য চাপ দিতে থাকে। তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার মধ্যরাতে নাঈম অ্যাসিড দিয়ে তার বোনের হাত ও মুখ ঝলসে দেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নাইমকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। ফলে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

মানিকগঞ্জ  ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল বলেন, দাহ্য পদার্থে  ওই নারীর হাত-মুখ ঝলসে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ ঘটনায় থানায় ভুক্তভোগীর মামা লাল মিয়া বাদী হয়ে মামলা করেছেন। দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।